জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক শামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষুদে ফুটবলারদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়কে ১ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া জেলা ক্রীড়া অফিস, পাবনার পক্ষ থেকে দলের ২০ জন খেলোয়াড়কে ২০টি ফুটবল ও ট্র্যাকস্যুট উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২০ জুন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬-এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মাধ্যমে বিদ্যালয়টি টানা দ্বিতীয়বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করে।