পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তামূলক তল্লাশিতে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদক সিরাপসহ এক নারীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) রাত ১২টায় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মুলাডুলি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ‘গ’ বগিতে নিয়মিত তল্লাশির একপর্যায়ে এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

পরবর্তীতে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে তার দেহ তল্লাশি করা হয়। এসময় নারী তার ভ্যানিটি ব্যাগ থেকে ৩২ বোতল কোডিনযুক্ত ESkuf এবং শরীরের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও ৪৪ বোতল কোডিনযুক্ত WINGS সিরাপ বের করে দেন। মোট ৭৬ বোতল কোডিন সিরাপ পাওয়া যায়। 

উদ্ধারকৃত মোট ৭৬ বোতল কোডিনযুক্ত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত নারী হলেন মোছা. নাজমা খাতুন (৪৫)। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাসিন্দা।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।