পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ কুখ্যাত সন্ত্রাসী মোঃ সেতু (৩২)কে গ্রেফতার করেছে পাকশি পুলিশ ফাঁড়ি।
বুধবার (১৭ জুন ) ঈশ্বরদী থানাধীন পাকশী বাবুপাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সেতু পাকশী বাবুপাড়া এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সেতু এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়াও তিনি এটিএসআই সুজাউল হত্যা মামলার একজন আসামি।
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।