পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর ফুটো মার্কেট এলাকায় পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খা কে লক্ষ্য করে গোলাগুলির ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে প্রশাসন ব্যাপক তৎপরতা শুরু করে।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনার পর যৌথ বাহিনী গতকাল রাতে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেলের প্রণব কুমার, পাবনা র‍‍্যাবের লেফটেন্যান্ট কমান্ডার ওহেদুরজ্জামানউপজেলা ভূমি কমিশনার আসাদুজ্জামান সরকার,  ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহভাজনদের অবস্থান চিহ্নিত করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেলের প্রণব কুমার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।