মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের "খ" সার্কেলের পরিচালিত পৃথক অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিমপাড়া (জিগাতলা) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তের নিজ বসতঘর থেকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. শাজাহান আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, একই দিনে ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করা হয়। পরে ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম টেংরী জামতলা এলাকার মো. সম্রাট (২৮) এবং চররূপপুর জিগাতলা এলাকার মো. রুবেল মালিথা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী `ক' সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ডিএনসি কঠোর অবস্থানে রয়েছে।