পাবনার ঈশ্বরদীতে ট্রাক চাপায় আলিফ (৮) ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 
রবিবার (৭ জুন) রাত সাড়ে আটটার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলিফ পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তবে  নিহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি। 
পুলিশ জানায়, আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। অটোরিকশায় আরো যাত্রী ছিল। পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে  সড়কের উপর পড়ে। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে দেয়। একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দুজনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করেছে। অটোরিকশা ও ট্রাক চালক পালিয়ে যায়। আহত অবস্থায় শিশু আলিফের মা কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।