দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আবু তালেব মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু তালেব মন্ডল বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি। একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকে দক্ষ, শিক্ষিত ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে যুবকদের এগিয়ে আসতে হবে। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি সেলিম সরদার, সাধারণ সম্পাদক ঔহিদুজ্জামান টিপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে যুবকদের মধ্যে যুবঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।