অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’ এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উচ্চপর্যায়ের এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড এবং সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল বাস্তবায়ন এবং দ্রুত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দুই দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।