পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং কেন্দ্রটি থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (Rosatom)-এর সহযোগী প্রতিষ্ঠান Rosatom Energy Projects Joint-Stock Company-এর মহাপরিচালক Andrey Rozhdestvin-এর সঙ্গে বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
২৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় রোসাটমের মহাপরিচালক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।