পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক গ্রিন সিটিতে রাশিয়ার জাতীয় পতাকা দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে গ্রিন সিটির অভ্যন্তরে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিক, প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় রাশিয়ার জাতীয় পতাকা প্রদর্শনের পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
রূপপুর প্রকল্পে রাশিয়া ও বাংলাদেশের বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করছেন। প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে বিপুলসংখ্যক রুশ নাগরিক বসবাস করায় সেখানে রাশিয়ার বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক দিবসও পালন করা হয়ে থাকে।
রাশিয়ার জাতীয় পতাকা দিবস প্রতিবছর ২২ আগস্ট পালিত হয়। সাদা, নীল ও লাল রঙের ত্রিবর্ণের পতাকাটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতীক। ১৯৯৪ সালে রাশিয়ায় ২২ আগস্টকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটি দেশটির জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় প্রতীকের প্রতি সম্মান জানানোর দিন হিসেবে পালিত হয়ে আসছে।