পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কেন্দ্রটির বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ (বায়েসা) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং হয়ে গেছে। সেখানে প্রকৌশলীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ছোটখাটো বিষয়গুলো এখন নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।”

তিনি বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে। কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে না।

ফকির মাহবুব আনাম আরও বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার কাজ করছে। জ্বালানি সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে টেকসই সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে।

SMR বা ছোট মডুলার রিঅ্যাক্টর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ প্রযুক্তির সম্ভাবনা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে এর নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা ও অর্থনৈতিক সম্ভাবনা যথাযথভাবে যাচাই করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সভায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিকে দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। তিনি বলেন, পরমাণু প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনে নয়, স্বাস্থ্যসেবা, ক্যান্সার চিকিৎসা, কৃষি, খাদ্য নিরাপত্তা ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামসহ সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।