শিরোপা ধরে রাখার মিশন ও নিজের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে আলজেরিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো এক গোল করেছেন লিওনেল মেসি। ওই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অবশ্য মেসি গোল করেছিলেন পাঁচ মিনিটেই। কিন্তু সেটি বাতিল হয়ে যায় অফসাইডে। সমর্থকদের মনে ভয় জাগতে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপের মতো। সেই বিশ্বকাপেও অফসাইডে একাধিক গোল বাতিল হয় আর্জেন্টিনার।

এরপরও যে দলে মেসি আছেন, সে দলের সমর্থকদের ম্যাচে আবারও গোল পাওয়ার বিশ্বাসটা শক্তই থাকে। সমর্থকদের সেই বিশ্বাসের দামটাও মেসি দিলেন ১৭ মিনিটে।

প্রতিপক্ষের অর্ধ থেকে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে সামনে এগিয়ে যান ৩৮ বছর বয়সী মেসি। দ্রুতগতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে শুটিং রেঞ্জে পৌঁছে বাঁ পায়ের জোরালো শট নেন তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে করা গোলে সবাইকে আরও একবার অবাক করেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রথমার্ধের খেলা ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪১ শতাংশ বল ছিল আলজেরিয়ার কাছে। দুই দলই দুটি কওরে শট নেয়। আর্জেন্টিনা একটি লক্ষ্যে রেখে গোল করে আর আলজেরিয়ার কোনোটি লক্ষ্যে ছিল না। আলজেরিয়ার চাইবিও একটি গোল করেছিলেন। তবে সেটিও বাতিল হয় অফসাইডে।