পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে ‘উচ্চ-পর্যায়ের পারমাণবিক শক্তি কৌশল, বাস্তবতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১২ জুন) দুপুরে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

গোলটেবিল আলোচনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি, পারমাণবিক প্রযুক্তির নিরাপদ ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে পারমাণবিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শিল্প, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল।

এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক (এনএসপিসি) ব্রিগেডিয়ার রোবায়েত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

গোলটেবিল আলোচনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর প্রতিনিধি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে (১৩ জুন) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন।