পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ সদরদপ্তরে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে আইএইএ মহাপরিচালকের সহযোগিতা কামনা করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। পাশাপাশি পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, রূপপুরের ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।
মন্ত্রী বলেন, রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশ পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা ও দায়িত্বশীল ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও কার্যকর পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তিনি তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও আইএইএ-এর মধ্যে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং পারমাণবিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। রূপপুর প্রকল্পের কার্যক্রমে আইএইএ-এর কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।