চলতি সেপ্টেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে না। কবে থেকে উৎপাদন শুরু হবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইনোভেশন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির দুটি সেফটি ভালভ বর্তমানে কাজ করছে না। এ বিষয়ে কাজ করতে রাশিয়া থেকে বিশেষজ্ঞরা এসে কাজ করছেন। এ কারণে চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে না। কবে নাগাদ উৎপাদন শুরু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সাম্প্রতিক আগুনের ঘটনায় তদন্ত চলছে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
বিদ্যুতের দাম নির্ধারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুতই বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে।
মন্ত্রী আরও জানান, আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী ইনোভেশন মেলার উদ্বোধন করবেন। উদ্ভাবনের সঙ্গে নীতি, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোই এ মেলার মূল লক্ষ্য।