জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণব্যবস্থা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার (এনএলডিসি)-এর সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
এর অংশ হিসেবে কেন্দ্রটির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও সাবস্টেশনের গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় গ্রিডের স্কাডা/ইএমএস ব্যবস্থায় সংযুক্ত করা হচ্ছে।
রূপপুর প্রকল্প নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের প্রয়োজনীয় তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) স্কাডা/ইএমএস ব্যবস্থায় ইন্টিগ্রেট করা হবে।
এ লক্ষ্যে গতকাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও জিই ভার্নোভার মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২-এর আটটি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনের নির্ধারিত গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্য এনএলডিসির স্কাডা/ইএমএস ব্যবস্থায় সংযুক্ত করা হবে।
এই কারিগরি ইন্টিগ্রেশনের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য ও সংকেত জাতীয় গ্রিড পরিচালনার নিয়ন্ত্রণব্যবস্থায় পাওয়া যাবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকেন্দ্র থেকে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পর্যবেক্ষণ ও ব্যবহারের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালন এবং কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশন একটি গুরুত্বপূর্ণ কারিগরি পদক্ষেপ।
উল্লেখ্য, বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ফুয়েল লোডিং-পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। নির্ধারিত কমিশনিং ও অপারেশনাল সময়সূচি যথাযথভাবে অনুসরণের লক্ষ্যে স্কাডা/ইএমএস ইন্টিগ্রেশন কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করা প্রয়োজন।